যশোর: যশোরের অভয়নগর উপজেলায় একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) এবং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৩)।
স্থানীয়দের ভাষ্য, গ্রামবাসীর উদ্যোগে ওই রাতে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এলে তাদের দেহ তল্লাশি করার চেষ্টা করে স্থানীয়রা। তখন তাদের একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ইছামতি গ্রামের রবিউল মোল্লা মোটরসাইকেল আরোহী দুইজনের পক্ষে কথা বললে স্থানীয়রা তিনজনকেই আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সময়েই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অভয়নগর থানার ওসি নুরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’