ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ (ডিসি-মিডিয়া) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ৮ নম্বর রোডস্থ শেখ জামাল মাঠের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়।’
তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বাবু একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।