ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বার্তা ভারতের সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ করে দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় এবং গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই জন হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালী; এবং আলমগীর হোসেন (৩৪), বাড়ি ঢাকা।
এসটিএফ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে এসেছিল। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থান ঘুরে অবশেষে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।
পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।