Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিপ্টো কারেন্সি ও অনলাইন প্রতারণায় ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৫:৩৯ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৬:৪১

ঢাকা: অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার অভিযোগে ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনে উল্লেখ করা হয়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি ব্যাংক হিসাবে মোট প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা জমা দেন। তদন্তে দেখা যায়, ওই অর্থের সঙ্গে এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদারসহ ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম জড়িত রয়েছে।

সিআইডির তথ্যমতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তফসিলি ব্যাংকে পরিচালিত মোট ৫৯৫টি ব্যাংক হিসাবে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং প্রায় এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

লেনদেন পর্যালোচনায় দেখা যায়, এসব হিসাবে সংঘটিত অর্থ লেনদেনের সঙ্গে প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি-বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় এবং শুল্ক ফাঁকির মতো অপরাধের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। এ কারণে সংশ্লিষ্ট হিসাবগুলোর অর্থ ফ্রিজ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/টিএম/ইআ