ঢাকা: ফায়ার সার্ভিসকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বুধবার (১১ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান।
এদিন সকাল ১১টার দিকে দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদফতরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। এরপর মহাপরিচালক মহোদয় তার দরবার গ্রহণ শুরু করেন।
প্রথমেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি সারাদেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য নির্দেশনা বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ৬ জনকে মহাপরিচালক মহোদয় সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ দেওয়া হয়।
দরবার অনুষ্ঠানে অধিদফতরের পরিচালকরা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকরা এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দুপুর ১ টায় দরবারের সমাপ্তি হয়।