রংপুর: রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রবেশকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নগরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন রংপুরের একটি বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের একজন যুবশক্তির মহানগর সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির।
এনসিপির রংপুর মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন অভিযোগ করেন, কাউনিয়া-পীরগাছা এলাকা থেকে আসা যুবশক্তির পাঁচ কর্মীর কাছে দাওয়াতের কার্ড না থাকায় মহানগর ছাত্রশক্তির নেতারা তাদের ইফতার মাহফিলে প্রবেশে বাধা দেন। তখন তিনি তাদের প্রবেশের ব্যবস্থা করতে গেলে ছাত্রশক্তির কয়েকজন নেতা তাকে ধাক্কা দেন। এ সময় যুবশক্তির নেতা মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরকে প্রতিবাদ করার কারণে টেবিলের কাঠ দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সংগঠক লেমন শাহ, রাশেদুজ্জামান ও সীমান্ত হোসেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার ওপর যারা হামলা করেছেন, আমি কখনোই ভাবিনি এই মাটিতেই আমাকে লুটিয়ে পড়তে হবে।’ তিনি আরও লেখেন, ‘আমাকে সন্ত্রাসী কায়দায় মারধর করা হয়েছে। কিসের মীমাংসা? সন্ত্রাসের সঙ্গে মীমাংসা কে করতে চায়?’
তবে রংপুর মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘নিজেদের মধ্যে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। টুকিটাকি ঝামেলা হয়েছে, সেটা মিউচুয়াল।’
ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ফারহান তানভীর ও যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়ও দাবি করেন, এটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ বলেন, ‘ঘটনাটি নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবারের ওই ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে দলীয়ভাবে তদন্ত শুরু হয়েছে।