ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ জন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে। এ ছাড়া, তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন। খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।
আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।