Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উখিয়ায় র‌্যাবের অভিযান ৩ অপহৃত উদ্ধার, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ০০:৩৪

উখিয়ায় র‌্যাবের অভিযান ৩ অপহৃত উদ্ধার, গ্রেফতার ৫। ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার উখিয়ায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, গত ৩০ মার্চ উখিয়া থানার একটি চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের ভিত্তিতে তারা জানতে পারে অপহৃত ব্যক্তিদের টেকনাফের হ্নীলা ইউনিয়ন এলাকায় আটক রেখে নির্যাতন করা হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে অপহৃত আনোয়ার ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে র‍্যাবের চিরুনি অভিযানের অংশ হিসেবে ৩১ মার্চ ভোর ৪টার দিকে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে আরও দুই ভুক্তভোগী আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়। একইসঙ্গে আরও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, পৃথক এসব অভিযানে মোট তিনজন ভিকটিমকে উদ্ধার এবং পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রফিক (১৯), সিরাজুল ইসলাম (২০), রবি আলম (২২), আরাফা বেগম (৩৬) ও নূর বেগম (২৮)। এদের অধিকাংশই নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উখিয়া থানায় দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপহরণচক্রের মূল হোতাসহ জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর