Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টেলিগ্রাম-ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে হাতিয়ে নেয় টাকা: র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৫:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ টেলিগ্রামে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে জালিয়াতি ও প্রতারক চক্র শিক্ষার্থীদের থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করতে চক্রটি কাজ করছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার সোনালি সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদকে (২৩) গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোনালি সেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা প্রায় ৬ মাস পূর্বে টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ টেলিগ্রামে ‘এসএসসি-২০২৬’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসসমূহ জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, র‌্যাব মনে করে, এ ধরনের কার্যক্রম শুধু আইনত দণ্ডনীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর