Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

লালমনিরহাট: ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচারা লাঠিসোটা নিয়ে আখতারুজ্জামানের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আখতারুজ্জামান ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং গ্রেফতারকৃত মতিন তার আপন চাচা। দীর্ঘদিন ধরে তার সঙ্গে চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার সকালে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) রমজান আলী বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এরইমধ্যে একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর