Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১২:৫৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দিয়ার মা, ভাই ও বোন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে কাজলা ভাঙা প্রেস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

নিহত দিয়া আক্তার শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন— দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮), ছোট ভাই মোয়াজ (১৫) এবং বোন জয়া আক্তার (১২)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িচালক বিল্লাল হোসেন জানান, প্রতিবেশী মুসা মিয়া দিয়াদের পরিবারের কাছে টাকা পাওনা ছিলেন। ভোরে ওই টাকা চাওয়ার জন্য তিনি দিয়াদের বাসায় যান। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুরুতে কথা কাটাকাটির জেরে দিয়ার পরিবার মুসা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে মুসা মিয়া ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে দিয়াসহ তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। ঘাতক মুসা মিয়া নিজেও আহত হয়েছেন। তাকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

বৈশাখী মেলায় ঐতিহ্যের রঙ
১৪ এপ্রিল ২০২৬ ১৪:০০

আরো

সম্পর্কিত খবর