Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে অস্ত্রসহ শুটার বৃন্দা রনি গ্রেফতার

স্টাফ করেসপটন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৪৫

ঢাকা: রাজধানীর পল্লবীতে একটি রিভালবার ও ৫৫ রাউন্ড গুলিসহ মো. শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত শনিবার (২১ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটের দিকে গ্রেফতারকৃত বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা করা হয়।’

উপ-পুলিশ কমিশনার কমিশনার বলেন, ‘বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে আসামি শফিকুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসেবে পরিচিত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে। এ ছাড়া একটি দস্যুতা মামলা তদন্তাধীন আছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গ্রেফতার রনিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম