Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ ক্যাম্পে চুরি, গ্রেফতার মূল পরিকল্পনাকারী

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ২৩:৫৭ | আপডেট: ৩ মে ২০২৬ ১২:০৭

হজ পালনের উদ্দেশ্যে আগতদের মধ্যে মিশে গিয়ে কৌশলে হজ ক্যাম্প থেকে চুরি করে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পের মসজিদে সৌদি রিয়াল চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. আব্দুল মান্নানকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। তার পরিকল্পনাতেই চক্রটি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগতদের মধ্যে মিশে গিয়ে কৌশলে হজ ক্যাম্প থেকে চুরি করে হাজিদের সর্বশান্ত করতো।

শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি-এয়ারপোর্ট জোন) মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভুক্তভোগী মো. ইমান আলী (৬৩) ও শাহানারা বেগম (৫৪) হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্পে আসেন। পরে ইমান আলী সকাল সাড়ে ৮টায় আশকোনা হজক্যাম্প মসজিদের ভেতরের দক্ষিণ পাশে তার সঙ্গে থাকা ব্যাগটি চেয়ারের উপর রেখে এহেরাম এর কাপড় পরতে ছিলেন। কাপড় পরা শেষে তিনি দেখেন ব্যাগটি নাই, যার ভেতরে ২২ হাজার সৌদি রিয়াল ও নগদ ১০ হাজার টাকা ছিল। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে সাইয়ন আহমেদ (৩৪) বিমানবন্দর থানায় গত ২৩ এপ্রিল মামলা করেন।’

বিজ্ঞাপন

সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘ঘটনাস্থলসহ আশপাশ এলাকার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে ওই ঘটনায় জড়িত দু’জন চোরকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে খিলক্ষেত থানা এলাকা থেকে আসামি মো. হাবিবুর রহমানকে (৬১) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত অপর আসামি মো. নাদিম সরকারকে (৫৩) টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী মো. আব্দুল মান্নানকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি গাজীপুরের সদর থানায়।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতার আসামিরা একত্রিত হয়ে গত ২২ এপ্রিল হাজিক্যাম্প এলাকায় হজ যাত্রীদের সঙ্গে মিশে বাদীর পিতার ২২ হাজার সৌদি রিয়াল ও নগদ ১০ হাজার টাকা রাখা ব্যাগটি কৌশলে চুরি করে। পরে মূল আসামির প্রথম স্ত্রীর বাসায় রিয়ালগুলো রেখে পর্যায়ক্রমে বাংলাদেশি টাকায় মানি এক্সচেঞ্জ করে।’

আসামিরা পবত্রি হজ পালনের উদ্দেশ্যে আগত হাজিদের মধ্যে মিশে কৌশলে চুরি করে তাদের সর্বশান্ত করে থাকে বলে জানান পারভেজ রানা।