ঢাকা: কোনো অপহরণ নয়, নিজেদের মধ্যে গভীর সম্পর্কের টানে ঘর ছাড়ে দুই কিশোরী। পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই রাজধানীর মিরপুরের বাসা থেকে পালিয়ে নীলফামারী গিয়ে একসঙ্গে থাকা শুরু করে। অবশেষে তাদের উদ্ধারের পর চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমদ্বয় দুজনেই পেশায় পোশাক শ্রমিক। মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৩টা ৫ মিনিটের দিকে নিখোঁজের ৭ দিনের মধ্যে তাদের উদ্ধার করা হয়।’
ডিসি নাসিরুদ্দিন বলেন, ‘গত ২ জুন সকাল ৯টায় পল্লবী থানা এলাকায় বসবাসকারী দু’টি মেয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে গত ৩ জুন উভয় পরিবার পল্লবী থানায় পৃথক দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি নং-১৮২ এবং ১৮৩) করেন। পরবর্তী সময়ে পল্লবী থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে নীলফামারী জেলার ডোমার থানা এলাকা থেকে দুই কিশোরীকে উদ্ধার করে।’
তিনি বলেন, ‘নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের হাত ছিল না; বরং দুই কিশোরীর নিজেদের মধ্যকার গভীর সম্পর্ক এবং পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল। উদ্ধার দুই ভিকটিমকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’