ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র এবং মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনসহ ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পঞ্চগড় ও মৌলভীবাজার থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে রিপোর্ট করা দুই পুলিশ সুপারকে সদর দফতরেই সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি এই সই করেন।
বদলি ও সংযুক্তির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়, একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজার। একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালী, একই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ, একই জেলা থেকে প্রত্যাহার করে সদর দফতরে রিপোর্ট করা পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজালকে এপিবিএন, সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকেও একই কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।