ঢাকা: খুলনা সদরের হোটেল কপোতাক্ষে ফাতেমা আক্তার (২৪) নামের এক নারীর বিরুদ্ধে তার স্বামী সোহেল রানা বাবুকে (৩২) হত্যার অভিযৈাগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে খুলনা সদর থানাধীন হোটেল কপোতাক্ষের ম্যানেজার মনির জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান তাদের হোটেলের একটি রুমে স্ত্রী তার স্বামীকে খুন করেছে। ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি খুলনা সদর থানায় জানায়।’
আনোয়ার সাত্তার বলেন, ‘আগেরদিন রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে অভিযুক্ত নারী এবং সোহেল রানা বাবু কপোতাক্ষ হোটেলে ওঠে। সোহেল তার কথিত স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করান, কিন্তু স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে সে খারাপ ব্যবহার করে ও তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করেন স্ত্রী।’
তিনি বলেন, ‘৯৯৯ থেকে সংবাদ পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ফাতেমা আক্তারকে গ্রেফতার করে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।’