ঢাকা: প্রতিদিনের নিয়মিত রুটিনে ক্লাস-পরীক্ষার গণ্ডির বাইরে ঈদের আনন্দ করতে পরিবারের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। টানা ক্লাস-পরীক্ষার মাঝে এ বছর ভূমিকম্প, অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অদ্ভুত সব কারণে বিশ্ববিদ্যালয় নানা সময়ে বন্ধ পেলেও ঈদুল ফিতরের লম্বা ছুটির অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা হওয়ায় ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে এক নীরব পরিবেশ।
বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এ চিত্র দেখা গেছে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এই দীর্ঘ ছুটি ঘিরে আগেভাগেই অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেছিলেন।
যার ফলে, ক্যাম্পাসের চেনা দৃশ্যগুলোও যেন বদলে গেছে। ফাঁকা হয়ে এসেছে টিএসসিতে বন্ধুদের সঙ্গে ইফতারের আড্ডা। সন্ধ্যা নামলেই যে হল রোডে শিক্ষার্থীদের হাঁটাচলা ও ব্যস্ততা দেখা যেত, এখন সেখানে নেমে এসেছে নীরবতা। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, লাইব্রেরি, মসজিদ ও বিভিন্ন হলের রিডিং রুমেও নেই আগের মতো পড়াশোনার গুনগুন শব্দ।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সারাবাংলাকে বলেন, ‘ঈদ উদযাপন করতে দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে যাচ্ছি। তাদের সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দই আলাদা। ঈফতার-সেহরী করার সময় তাদেরকে মিস করতাম। এবার ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা তাই আলাদা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। তাদের জন্য কিছু শপিং করেছি, সেমাই নিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে।’
তবে কেউ কেউ আবার টিউশন, চাকরির প্রস্তুতি বা দূরত্বসহ নানা কারণে এবারও ক্যাম্পাসেই থেকে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জুলহাস আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমি হল সংসদের একজন প্রতিনিধি হিসেবে হলে ঈদ করা শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো খেয়াল রাখতে এবার ক্যাম্পাসেই থেকে যাব।’
বিশ্ববিদ্যালয়ের আরেক মাস্টার্সের শিক্ষার্থী নুসরাত জাহান সারাবাংলাকে বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার পেশা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঈদে বাড়ি যেতে পারলে ভালো লাগতো, তবে অফিসেও কলিগদের সঙ্গে ঈদ কাটানোর অনুভূতি উপভোগ করা যাবে এবার। পরে না হয় বাড়ি ফিরব।‘
সব মিলিয়ে ঈদের ছুটি ঘিরে শিক্ষার্থীদের বাড়ি ফেরার এই যাত্রায় ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছে ঢাবি ক্যাম্পাস। কয়েক দিনের এই নীরবতার পর ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা টিএসসি, কার্জন হল চত্বর, ভিসি চত্বর, মল চত্বরসহ বিভিন্ন স্থান।