Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাতের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ


২২ এপ্রিল ২০২৬ ১৮:০৪

শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার হামলা ও ছুরিকাঘাতের অভিযোগে বিক্ষোভ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ সময় রাকসু নেতারাও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে’, ‘বাহ প্রশাসন চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বলেন, ‘চারুকলা এলাকায় একজন গার্ড রয়েছেন এবং সেখানে কিছু বহিরাগত প্রায়ই ঘোরাফেরা করতে আসা দর্শনার্থীদের হেনস্থা করে। এর ধারাবাহিকতায় আমাদের এক ভাই গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে ঘুরতে গেলে তাকে হেনস্থা করা হয়। এ সময় ছাত্রদল নেতা হাসিব তার কাছে টাকা দাবি করে। আমাদের ওই ভাই প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। এমনকি প্রক্টরকে ফোন দেওয়ার ঘটনাতেও ভয়ভীতি প্রদর্শন করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরাও সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গতকাল রাতে আমরা প্যারিস রোডের পাশে বসে থাকাকালে ছাত্রদল নেতা হাসিব সেখানে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই ঘটনায় হাসিব ছাড়া ছাত্রদলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিল না।’

একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘আমরা এখানে দাঁড়িয়েছি দোষীদের শাস্তির দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনো শিক্ষার্থীর রক্ত না ঝরে। গতকালের ঘটনায় ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই, ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আহত দুই শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়।’

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপমানজনক। সরকারদলীয় ছাত্র সংগঠন বলেই যদি কেউ নেতাগিরির নামে ক্যাম্পাসে মাস্তানি করে বা কোনো শিক্ষার্থীর ওপর হামলা চালায় এবং প্রশাসন যদি এর বিচার না করে, তাহলে আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি রাকসুর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সুষ্ঠু বিচার না হলে এই ক্যাম্পাসে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছে। একটি ছাত্র সংগঠন কতটা দেউলিয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হুমকি দেয়! আমরা জানিয়ে দিতে চাই, এসব দেউলিয়াত্ব এই ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের সঙ্গে নিয়ে এ হামলা চালান। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর