Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া সফরে বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করলেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৫:২১

ঢাকা: মালয়েশিয়ার সঙ্গে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কুয়ালালামপুর সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপাক্ষিক বিদেশ সফর।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

মাহ্‌দী আমিন জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে। সফরটি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সংক্ষিপ্ত সফরে অংশ নেন। সফরের শুরুতেই তাকে ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে পৃথক বৈঠকে দুই রাষ্ট্রনায়ক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো প্রাধান্য পেয়েছে। মাহ্‌দী আমিন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছেন। প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর খাতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন উভয় নেতা। এছাড়া, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। হালাল শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে দক্ষ জনবল ও গবেষণা সক্ষমতা বাড়ানোর বিষয়েও উভয় দেশ সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার জন্য এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। মাহ্‌দী আমিন জানান, প্রধানমন্ত্রী অবৈধভাবে অবস্থানরত বা কারাগারে থাকা প্রবাসী বাংলাদেশিদের মানবিক উপায়ে বৈধতার আওতায় আনার অথবা নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্বীকার করে দুই দেশের সরকারপ্রধান শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিনিয়োগ ও সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে নোট বিনিময় হয়েছে। মাহ্‌দী আমিন জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সমন্বিত উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফল সফর আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ১৮ ঘণ্টার এই ফলপ্রসূ সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

শ্রমবাজারের জন্য সমঝোতা স্মারক রিনিউ করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমবাজার বন্ধের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না। যতবার বিএনপি সরকারে এসেছে, ততবারই বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর