ঢাবি: আওয়ামী সরকারের আমলে ছাত্রলীগের সঙ্গে জড়িত থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিপীড়ন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে দেওয়া এক স্মারকলিপিতে এ অভিযোগ করেছেন তারা।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন বিগত সময়ে ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত রাজনীতি করেছিল। আমরা এরইমধ্যে অনেকগুলো প্রমাণ হাতে পেয়েছি। এগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, তারা ছাত্রলীগের মধ্য থেকে এই গেস্টরুম, গণরুমের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত ছিল, সেই সংগঠনটি হচ্ছে ছাত্রশিবির।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি, সম্প্রতি বেশ কিছু হলে এরইমধ্যে তাদের গেস্টরুম, গণরুমের যে আমলনামা এবং যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে সরাসরি হুমকি দিতো, সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে নতুনভাবে চলে এসেছে। আমরা মাননীয় ভিসি স্যারকে বলেছি, এই বিষয়ে একটি অতিদ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনের একটি নতুন ব্যাচ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি, এই ক্যাম্পাসের আশি শতাংশ শিক্ষার্থী আমরা গ্রামগঞ্জ থেকে আসি। আমরা আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি পেয়ে থাকি, আমাদের পড়াশোনার বা অ্যাকাডেমিক যে লাইফ সেটা সুন্দর স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে পারবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় না, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এজন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি জমা দিয়েছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরশন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে যাদের সিট দেওয়া সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন বৃত্তি প্রদান করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হলগুলোতে গেস্টরুম-গণরুমের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর চালাতো নির্যাতনের স্টিম রোলার।
স্মারকলিপিতে আরও বলা হয়, এদের মধ্যে অনেকে নিজে অতীতে শিক্ষার্থী নির্যাতনের সাথে এবং বর্তমানে ছাত্রশিবিরের গুপ্ত অপরাজনীতির মাধ্যমে সেই একই কায়দার দখলদারির রাজনীতি প্রতিষ্ঠায় রত হলেও তারা অনলাইনে- অফলাইনে বিগতদিনে গেস্টরুম-গণরুম সহ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুমের বিষয়ে মিথ্যা অপবাদ দিয়ে গুজব ছড়ানোয় সচেষ্ট রয়েছেন।
এ অবস্থায়, শিক্ষার্থীদের নিপীড়নের সাথে জড়িতদের ‘শাস্তির আওতায়’ না আনলে, সেই নিপীড়করা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দূষিত করে তুলবে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী ছাত্রদল।
স্মারকলিপিতে বলা হয়, বিগতদিনে গেস্টরুম-গণরুমসহ বিভিন্ন কায়দায় শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির ব্যবস্থা করা না হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করে তুলবে, যার ফলে নানাবিধ অপ্রীতিকর পরিস্থিতির উদ্রেক হওয়া অবশ্যম্ভাবী।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের অধিকারের বিষয়ে নানা গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে ছাত্রদল।