ঢাকা: শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘আমরা নারী’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আমরা নারীর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট-এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ এবং ‘আমরা নারী’-এর কোষাধ্যক্ষ তাসনুভা আরেফিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, জনস্বাস্থ্য সচেতনতা, গবেষণা কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ এবং কমিউনিটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক, ইন্টার্ন এবং প্রকল্প সহকারী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষকরা উপদেষ্টা, প্রশিক্ষক, মেন্টর ও গবেষণা সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, এই সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে।