জবি: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১ জুন) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ নিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ও চিন্তা তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই আদর্শেরই বাস্তব প্রতিফলন।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বর্তমান সময়ে পরিবেশ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাবে।
যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও আমরা কাজ করতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।