Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ

রাবি করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ০৯:৫২

ড. এস এম কামরুজ্জামান এবং ড. এ এইচ এম খুরশীদ আলম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, ১১ জুন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

বিজ্ঞাপন

নবনিযুক্ত জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ধারাবাহিক কর্মজীবনের মাধ্যমে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার কৃতি সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের একজন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ব্যক্তিত্ব। তিনি উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গবেষণাক্ষেত্রে তিনি ৪০টিরও অধিক গবেষণা প্রবন্ধ দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে প্রকাশ করেছেন। তার গবেষণার ক্ষেত্র ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করে, যা শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে অবদান রাখছে।

তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যামে ভিজিটিং ফেলো হিসেবে গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এছাড়া, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (ইউএসএম) এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এ পোস্টডক্টরাল রিসার্চার হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় টেম্পল ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্কলার হিসেবে গবেষণায় যুক্ত থেকে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ড. এ এইচ এম খুরশীদ আলম ফার্মেসি বিভাগের একজন বিশিষ্ট গবেষক ও অধ্যাপক। ক্যান্সার জিন এক্সপ্রেশন, আরএনএ প্রসেসিং এবং মলিকুলার ফার্মাকোলজি গবেষণায় তিনি দেশের অন্যতম অগ্রগণ্য বিজ্ঞানী হিসেবে পরিচিত। বাংলাদেশে ক্যান্সার ও আরএনএভিত্তিক গবেষণার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯০ সালে এসএসসি এবং ১৯৯২ সালে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৯৬ সালে বি. ফার্ম এবং ১৯৯৭ সালে এম. ফার্ম ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি জাপানে পাড়ি জমান এবং ২০১০ সালে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (JAIST) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে ২০১৪ সালে জাপানের কিয়োটো ইউনিভার্সিটিতে টোকিও বায়োকেমিক্যাল রিসার্চ ফাউন্ডেশন (TBRF) ফেলোশিপের অধীনে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ড. খুরশীদ আলম ২০০২ সালের ৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এ অ্যাডজাস্ট প্রফেসর হিসেবেও যুক্ত আছেন।

গবেষণাক্ষেত্রে তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে ৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ অন্যতম। জীবন বিজ্ঞান বিষয়ে অসাধারণ গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ২০১৮ সালে জাপানের JAIST-এ অ্যাকাডেমিক কোলাবোরেশন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এনএমই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর