Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাল নোট নিয়ে গুজব ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। জনসাধারণকে জাল নোট সনাক্ত ও প্রতিরোধে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক চারটি করণীয় নির্দেশনা দিয়েছে-

  • নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করা;
  • বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা;
  • নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা;
  • সন্দেহজনক নোট পেলে বা জাল নোট সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই স্লোগানে জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

সারাবাংলা/এসআ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর