Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৪ দিনে ৭ বার দর সংশোধন / ফের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

সারাবাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফের বাংলাদেশের সোনার বাজারে অস্থিরতা। জানুয়ারির মাত্র ১৪ দিনে সাত বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সেইসঙ্গে দর সংশোধন হয়েছে রুপারও। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ।

তবে এদিন রুপার দাম সংশোধনের ঘোষণা দেয়নি বাজুস। ফলে এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকাই রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এদিন রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ৪৯৪ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১২ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন রুপার দামও বাড়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর