ঢাকা: ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে যোগ দিয়েছেন মনজুলা মোরশেদ। সম্প্রতি এই নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকটি। তার নিয়োগ ব্যাংকের ‘পিপল-ফার্স্ট’ কৌশলের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও শক্তিশালী হলো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনজুলা মোরশেদের নিয়োগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে মনজুলা মোরশেদের রয়েছে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলায় তিনি ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।
নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। আমরা দেশের সবচেয়ে আস্থার, সবচেয়ে উদ্ভাবনী ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তাঁর সক্ষমতা আমাদের একটি লক্ষ্যনির্ভর ও উচ্চ-কর্মক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার মনজুলা মোরশেদের অভিজ্ঞতা কর্মসহায়ক সংস্কৃতি নিশ্চিত করার পাশাপাশি চেঞ্জ ম্যানেজমেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখবে, যা ব্যাংকের দ্রুত ও টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিংয়ে লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সিনিয়র লিডারশিপ পর্যায়েও দায়িত্ব পালন করেছেন।
অ্যাকাডেমিকভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইনসিয়াড, লন্ডন বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।