ঢাকা: আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা ও রুপার দাম বাড়ায় স্মারক সোনার মুদ্রা ও স্মারক রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুদ্রিত স্মারক সোনার মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২ লাখ ৪০ হাজার টাকা এবং স্মারক রুপার মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২১ হাজার টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে সোনার ও রুপার দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে দেশের স্থানীয় বাজারেও এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে স্মারক সোনা ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্নির্ধারিত এই নতুন মূল্য ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নির্ধারিত তারিখের পর থেকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে নতুন দরে স্মারক সোনা ও রুপার মুদ্রা সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, স্মারক সোনা ও রুপার মুদ্রা সাধারণত ঐতিহাসিক বা জাতীয় গুরুত্বপূর্ণ উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত পরিসরে মুদ্রণ ও বিক্রি করা হয়। সংগ্রাহক ও আগ্রহী ক্রেতাদের মধ্যে এসব মুদ্রার চাহিদা বরাবরই উল্লেখযোগ্য।