Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ঋণের ৮৭ ভাগই ঢাকা-চট্টগ্রাম বিভাগে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২৩:২১

ব্যাংক লোন। প্রতীকী ছবি

ঢাকা: ব্যাংক ঋণের সিংহভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত। এর মধ্যে ৬৭ দশমিক ৩৪ শতাংশ ঢাকা বিভাগে এবং ১৯ দশমিক ৪০ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। ফলে অন্যান্য বিভাগ তুলনামূলকভাবে ঋণ ও বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে, যা সুষম উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। অর্থনীতিবিদরা এটাকে দেশের অর্থনৈতিক বৈষম্যের একটি বড় কারণ হিসেবেও মনে করছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৬ কোটি টাকা। আর তিন মাস আগে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ৪১ হাজার ৭৪৪ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে ব্যাংক খাতে ঋণ বিতরণ বেড়েছে ৩৫ হাজার ৫৭২ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ঢাকা বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৯৬ হাজার ৭৭২ কোটি টাকা, যা মোট ঋণের ৬৭ দশমিক ৩৪ শতাংশ। আর তিন মাস আগে সেপ্টেম্বর শেষে ঢাকা বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৭৬ হাজার ৭৭৪ কোটি টাকা। তবে গত সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ডিসেম্বর শেষে ঢাকা বিভাগে কমেছে ব্যাংকগুলোর ঋণ বিতরণ।

খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংক ঋণের বড় অংশই ঢাকা-চট্টগ্রামে কেন্দ্রীভূত হওয়ায় জাল-জালিয়াতির বেশির ভাগই ঘটেছে এসব এলাকায়। আবার বেশির ভাগ ব্যাংক শাখা বা ব্যবসাকেন্দ্র সম্প্রসারণ হচ্ছে এ দুই বিভাগকে কেন্দ্র করে। অন্য বিভাগে ঋণ কার্যক্রম বাড়াতে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কীভাবে অন্য বিভাগে বাড়ানো যায়, সে বিষয়ে একটি কর্মসূচি চলমান।

তথ্যানুযায়ী, ব্যাংকগুলোর ঋণ বিতরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। গত বছরের ডিসেম্বর শেষে চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ৪০ শতাংশ। আর সেপ্টেম্বর শেষে চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর বিতরণ ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৮ হাজার ৪৪ কোটি টাকা। তবে গত জুন প্রান্তিকের তুলনায় চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে।

প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বর শেষে খুলনা বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৯৩ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র ৩ দশমিক ৭৪ শতাংশ। ডিসেম্বর শেষে রাজশাহী বিভাগে ব্যাংক খাতের বিতরণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৩কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র ৩ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে বরিশাল বিভাগে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০২ কোটি টাকা, যা মোট বিতরণ ঋণের মাত্র ১ দশমিক ১০ শতাংশ।

এ ছাড়া, ডিসেম্বর শেষে সিলেট বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭ কোটি টাকা, যা মোট ঋণের মাত্র ১ দশমিক ০৭ শতাংশ। অপরদিকে একই প্রান্তিকে রংপুর বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৫১ কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের মাত্র ২ দশমিক ৩৫ শতাংশ। আর মায়মনসিংহ বিভাগে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট বিতরণ ঋণের মাত্র ১ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর