ঢাকা: দেশে কার্ডভিত্তিক লেনদেন দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইডসহ সব ধরনের কার্ডের মাধ্যমে লেনদেন প্রায় ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেশে কার্ড ব্যবহারের প্রবণতা, লেনদেনের পরিমাণ এবং বিভিন্ন খাতে ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকার। পাঁচ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকায়।
এদিকে দেশে কার্ড ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২১ সালের জানুয়ারি শেষে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড মিলিয়ে মোট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের বেশি। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখে। অর্থাৎ মাত্র পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ১১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের আগস্ট শেষে দেশে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ২২ লাখ। পরে তা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুলাইয়ে দাঁড়ায় ৫ কোটি ৬৯ লাখে।
বর্তমানে দেশের ৬১টি ব্যাংক এবং একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা প্রদান করছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা দিচ্ছে।
ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাংকের ইস্যুকৃত ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকেরা মোট ৩ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে শুধু ডিপার্টমেন্টাল স্টোরেই লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি টাকা।
অন্যদিকে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের নাগরিকরা এগিয়ে রয়েছেন। গত বছরের জুলাই মাসে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, যা মোট ব্যয়ের এক-চতুর্থাংশেরও বেশি। তাদের পরেই রয়েছে যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর বিস্তার, অনলাইন কেনাকাটার বৃদ্ধি এবং ব্যাংকিং সেবার সম্প্রসারণের ফলে দেশে কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে।