Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেজারি বন্ড জামানতে ঋণ দিতে পারবে ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৯:৪৪

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সরকারি বন্ড বা ট্রেজারি বন্ডকে জামানত রেখে ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো গ্রাহকদের ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ সুবিধা দিতে পারবে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং সংক্রান্ত বিআরপিডি সার্কুলার নং-১৫ (২৭ নভেম্বর ২০২৪) অনুযায়ী লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানতে পেরেছে।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী—ট্রেজারি বন্ডের বিপরীতে ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়ার আগে ফিনান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমে বন্ডটি লিয়েন মার্ক করতে হবে,বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া যাবে, সুদসহ ঋণের মোট স্থিতি কোনোভাবেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না, ঋণের মেয়াদ বন্ডের মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না এবং বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ঋণ দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর