Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে সব শুল্ক-কর প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ০৮:১৮ | আপডেট: ১ মে ২০২৬ ১৩:৩৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফাইল ছবি

ঢাকা: পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্প‌তিবার(৩০ এ‌প্রিল) এন‌বিআর এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

সংস্থাটি সূত্রে জানা গেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহণে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর — সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজে বাস আমদানি করুক কিংবা তাদের পক্ষে অন্য কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থী পরিবহনের জন্য বাস আমদানি করুক—উভয় ক্ষেত্রেই এই কর সুবিধা প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া, শিক্ষার্থী পরিবহণের এসব বাসের রঙ হবে হলুদ এবং গাড়ির গায়ে School, College, Student Bus বা Transport শব্দগুলো স্পষ্টভাবে লিখতে হবে, যাতে সহজেই শনাক্ত করা যায়।

কর ছাড় সুবিধা পেতে আগ্রহী আমদানিকারক প্রতিষ্ঠানকে এনবিআরে আবেদন করতে হবে এবং সংস্থাটি ১০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনবিআরের মতে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এতে একদিকে শিক্ষার্থীদের যাতায়াত আরও আরামদায়ক হবে, অন্যদিকে যানজট কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। পাশাপাশি অভিভাবকদের পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এদিকে সাধারণ যাত্রী পরিবহণে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতেও শুল্ক-কর কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে গণপরিবহনে আগ্রহ বাড়বে, যা জ্বালানি সাশ্রয় ও যাতায়াত ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।