ঢাকা: স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) ছাড়া অন্যান্য সব করদাতার আয়কর রিটার্ন জমার বর্ধিত সময় আগামী ১৭ মে শেষ হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পর আর সময় বাড়ানো হবে না বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষের জন্য কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, সমিতি ও অন্যান্য অ-ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময়সীমা আগে ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী পরবর্তী কর্মদিবস ১৭ মে রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে।
এনবিআর আরও জানায়, আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর আর কোনো সাধারণ সময় বাড়ানো হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করা যাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে করদাতাদের সময়মতো রিটার্ন জমা দিয়ে আইনি বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে এনবিআর ।