ঢাকা: টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ৯ হাজার ৬৯ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তব্যে জানানো হয়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় দুর্যোগ প্রস্তুতি জোরদারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য শতভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাস, দ্রুত সাড়া প্রদান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।