Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৮ বছর বয়স পর্যন্ত তরুণদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০

ঢাকা: উপজেলা পর্যায় থেকে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের ব্যবসায় যুক্ত করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ (UDYOG): উপজেলা-ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন দেওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ২৮ বছর বয়স পর্যন্ত তরুণদের জন্য ২০ লাখ টাকার এই অর্থায়ন।

রোববার (১৩ সেপ্টেম্বর )এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলেছে, তরুণ উদ্যোক্তাদের স্থানীয়ভাবে আয় উৎসারী, উৎপাদনমুখী ও উদ্ভাবনী উদ্যোগে যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স, ভেঞ্চার ক্যাপিটাল, ফিনটেক, এডটেক, এগ্রিটেক, হেলথটেকসহ বিভিন্ন খাতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, পর্যটন ও স্থানীয় সম্পদভিত্তিক উদ্যোগেও তরুণদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা যাবে। ঋণ ও অনুদানের অনুপাত হবে ৫০:৫০। অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

তবে প্রত্যেক উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা পাওয়ার অধিকারী হবেন না। ব্যবসার প্রকৃত প্রয়োজন, ব্যয় পরিকল্পনা এবং চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ হবে।
উদাহরণ হিসেবে, কোনো উদ্যোক্তার ব্যবসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি সর্বোচ্চ ৬ লাখ টাকা ব্যাংকঋণ ও ৬ লাখ টাকা অনুদান পেতে পারেন। উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ বা অন্য বৈধ উৎসের অর্থ থাকলে সেটিও অর্থায়ন পরিকল্পনায় বিবেচনা করতে হবে।

কর্মসূচিতে আবেদন করতে হলে আবেদন গ্রহণের শেষ তারিখে উদ্যোক্তার বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি নিজের ব্যবসায়িক উদ্যোগ বা ব্যবসায়িক ধারণা থাকতে হবে অথবা নতুন ব্যবসা স্থাপনের বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেওয়া ব্যক্তি এ কর্মসূচির আওতায় বিবেচিত হবেন না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি ব্যক্তিও আবেদন করতে পারবেন না। সিআইবি যাচাইয়ে ঋণখেলাপি প্রমাণিত হলে আবেদন বাতিল হবে। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও এ অর্থায়নের জন্য যোগ্য হবেন না।

এ ছাড়া অসত্য তথ্য দেওয়া কিংবা অন্যের ব্যবসায়িক ধারণা নিজের নামে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হবে এবং আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করা হবে।

এ কর্মসূচির আওতায় দেওয়া ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত গ্রহণ ছাড়াও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্বাচিত উদ্যোক্তাদের ঋণ দেবে তফসিলি ব্যাংকগুলো। ব্যবসার ধরন ও খাত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট পুনঃঅর্থায়ন স্কিম থেকেও সুবিধা পাওয়া যাবে।

ঋণের পাশাপাশি সমপরিমাণ আর্থিক সহায়তা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদান একই সময়ে এককালীন এবং অনুমোদিত পূর্ণ পরিমাণে উদ্যোক্তার ব্যাংক হিসাবে বিতরণ করতে হবে। নগদে কোনো অর্থ দেওয়া যাবে না।

তবে ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অথবা অর্থের যথাযথ ব্যবহার না হলে অনুদানের সমপরিমাণ অর্থ ঋণে রূপান্তর করা হবে। তখন ওই অর্থ আলাদাভাবে হিসাবভুক্ত হবে এবং সরকারি পাওনা হিসেবে বিবেচিত হয়ে প্রচলিত আইন অনুযায়ী আদায়যোগ্য হবে।

কর্মসূচিতে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ সব ধরনের ব্যবসা ও উদ্যোগ বিবেচনা করা হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ উদ্যোগও এর আওতায় থাকবে। তবে আইন দ্বারা নিষিদ্ধ কোনো ব্যবসা এ কর্মসূচির আওতায় আসবে না।

সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করা যাবে। যে ব্যাংকে আবেদন করা হবে, সেখানে আগে থেকেই হিসাব থাকা বাধ্যতামূলক নয়। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট সাইজের ছবি এবং পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ব্যাংকের শাখা থেকেও ফরম পাওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।

কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলার তফসিলি ব্যাংকের শাখাগুলো স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে এবং আবেদন গ্রহণ করবে। প্রতিটি উপজেলায় তফসিলি ব্যাংকের শাখাগুলোর মধ্য থেকে একটি ব্যাংককে ‘লিড ব্যাংক’ হিসেবে মনোনীত করবে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট উপজেলার সব আবেদন লিড ব্যাংকের মাধ্যমে সমন্বয় করা হবে।

উদ্যোক্তা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক, সফল উদ্যোক্তা, তফসিলি ব্যাংকের প্রতিনিধি, সরকারি-বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

ব্যবসায়িক ধারণার যৌক্তিকতা ও বাস্তবায়নযোগ্যতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তার সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় নিয়ে চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচন করা হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া মানেই ঋণ পাওয়ার নিশ্চয়তা নয়। ব্যাংকের নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে নির্বাচিত উদ্যোক্তার তালিকার ক্রমানুসারে ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদন করতে হবে। কোনো আবেদন প্রত্যাখ্যান হলে তার কারণ লিখিতভাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

ঋণের অর্থ অনুমোদিত ব্যয় পরিকল্পনা অনুযায়ী ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংক নিয়মিত পর্যবেক্ষণ করবে। ব্যবসার অগ্রগতি, বিক্রয় ও নগদ প্রবাহ, ঋণ পরিশোধের অবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির অগ্রগতিও পর্যবেক্ষণ করা হবে।

শুধু অর্থায়ন নয়, নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়াতেও সহায়তা দেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীকে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় আনা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের ধারাবাহিক পরামর্শ, ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ ব্যবসা নিবন্ধন এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাজারসংযোগ তৈরির সুযোগও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির আওতায় সুবিধা পেতে কোনো পর্যায়ে ঘুষ বা তদবির করা হলে তা আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং আবেদন বাতিল হবে। ব্যাংকগুলোকে কেওয়াইসি/ই-কেওয়াইসি, সিআইবি ও লেনদেন তদারকিসহ বাংলাদেশ ব্যাংকের সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর