ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে ৯৮ বারের মতো সময় চাইল সিআইডি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে চুরি করা অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে পাঠানো হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ সরিয়ে নেয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দায়ের করা মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ অক্টোবর নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।