ঢাকা: মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন।
বাণিজ্য সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে জন্য প্রতিটি কার্যক্রমে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দফতর, সংস্থার শূন্য পদে জনবল নিয়োগ ত্বরান্বিত করতে হবে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় পদ থাকলে তা বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।