কুষ্টিয়া: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন ভঙ্গুর এক অর্থনীতি রেখে গেছে, যা যুব সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোম্বর) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘পতিত সরকার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালন-পালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।’
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শিক্ষা ও শিল্পখাতের এই সংযোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা ও বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। সেইসঙ্গে তাদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগও আসবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো আতিকুর রহমান।