ঢাকা: দেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
এ ছাড়া দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতও বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।
সাক্ষাতে ইন্দোনেশিয়ার দূতাবাসের Minister Counsellor/Head of Chancery ওয়াহিউ রিয়াদি, Third Secretary/Economic Affairs রবি ফিরলি হারখা এবং Officer সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।