ঢাকা: প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের ৩০টি ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অনলাইন ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মূলত কিউ-ক্যাশ এবং আইসিএ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে গর্হিত হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ ঘটনায় নাকি তিনি ক্ষুব্ধও হয়েছেন।
সিস্টেম উন্নয়ন কারণে সেবা বন্ধের তালকিায় রয়েছে- অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (বর্তমানে সম্মিলিত ব্যাংকের আওতায়), আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি, এনআরবি গ্লোবাল ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, এবং উরি ব্যাংক বাংলাদেশ।
সম্প্রতি কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল এসবিএসি, মধুমতি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক তাদের সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে গ্রাহকদের কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। গ্রাহকদের খুদে বার্তাসহ অবগত করেছে। একটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এদিকে মধুমতি ব্যাংক জানিয়েছে, জরুরি সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত মধুমতি ব্যাংকের সকল ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হেল্পলাইন: ১৬৩৪৭।
ব্যাংকটি জানিয়েছে, উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ে ব্যাংকের ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের লেনদেন বন্ধ থাকবে। একই সময়ে ওই নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও ব্যবহার করা যাবে না। তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ব্যাংকগুলোর ক্ষেত্রে সিস্টেম উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সেবা সাময়িক বন্ধ রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন এবং কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা সীমিত থাকতে পারে। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ব্যাংকিং সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হবে। এ সময়ে জরুরি লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ায় প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকগুলো। ফলে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এখন ব্যাংকিং কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে কিছু জানানো হয়নি।’
তিনি জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।