ঢাকা: রাজধানীতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’ আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলা চলবে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে এই মেলার উদ্যোক্তা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর এয়ারপোর্টে ক্রাউন প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
টানা ১৩ বার সফল আয়োজনের পর এবারের ১৪তম আসরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটন বৃদ্ধি এবং বৈশ্বিক সংযোগ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তিন দিনব্যাপী চলা এই মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, রুয়ান্ডা, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেবে। এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মেলায় ২০০-এর বেশি বুথ ও স্টল, ২২০+ এক্সহিবিটর, ২৫০+ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০+ ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন। এছাড়া ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরের অংশগ্রহণে চার্টি থিমভিত্তিক প্রদর্শনী মেলাটিকে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি বৃহৎ প্ল্যাটফর্মে রূপান্তর করবে।
সংবাদ সম্মেলনে টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক ব্রান্ডগুলোর সাথে বিটুবি নেটওয়ার্কিং ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
এছাড়া মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্স পার্টনার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট প্ল্যাটিনাম হসপিটালিটি পার্টনার, মোবাইল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার হিসেবে সেবার, পেমেন্ট পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার হিসেবে এমও৩৬০আইসিইটি, ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কনভয় সার্ভিস, ডিজিটাল পার্টনার হিসেবে মায়েস্ট্রো, অডিও ভিজ্যুয়াল পার্টনার হিসেবে প্যানোরামা পিচি ক্রিয়েটরস ও রুচি এবং ভেন্যু পার্টনার হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) যুক্ত রয়েছে।