ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট তিনজনের প্রাণহানি ঘটল।
বুধবার (১১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়ার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। সেই সঙ্গে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা খাতুন (১৯)। এ ছাড়া আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।
এই ঘটনায় বর্তমানে একই হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। রুবেল (৩২ শতাংশ দগ্ধ), জুনায়েদ (২৪ শতাংশ দগ্ধ), হাবিব (১৯ শতাংশ দগ্ধ), রোজা (১৮ শতাংশ দগ্ধ), দেলেরা খাতুন (১৪ শতাংশ দগ্ধ), আয়েশা খাতুন (১২ শতাংশ দগ্ধ) ও আবু কালাম রুবেল (৭ শতাংশ দগ্ধ)।
গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তুরাগের ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড এলাকার মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। ওই বাসায় রুবেল-সোনিয়া দম্পতি থাকতেন। রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত আলী পরিবারসহ গ্রাম থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিলেন।
বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী ও স্বজন সাজেদ মাতব্বর জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। ভেতরে থাকা ১০ জনই আগুনে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়া আক্তার ও এনায়েত আলী মারা যান।
তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। রাত সাড়ে ৩টার দিকে ২য় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও ২য় তলার দেয়াল ভেঙ্গে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।