ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাম সচেতনা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি)। রাজধানীর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার কমপ্লেক্স, ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় একাধিক বুথ স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে সেবা দেওয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) এসবিপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় ফ্রি ব্লাড প্রেসার চেকআপ, ফ্রি ব্লাড গ্লুকোজ টেস্ট, হাম রোগ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং ওষুধের নিরাপদ ব্যবহার ও স্বাস্থ্যসেবা বিষয়ে ফার্মাসিস্টরা দিকনির্দেশনা দেন।
হাম সচেতনতা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে কার্যক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা তরুণ সমাজের জনস্বাস্থ্যবিষয়ক দায়িত্বশীল ভূমিকার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়েছে।
সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন, যেখানে জনসচেতনতা, প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা একসাথে কাজ করছে।