ঢাকা: সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) হঠাৎ পরিদর্শন করে ওষুধের মান নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেন।
বুধবার (৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে গিয়ে তিনি উৎপাদন, মান নিয়ন্ত্রণ, গুদামজাতকরণ ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনের সময় উৎপাদন ও মান নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এ সময় কারখানার কিছু ক্ষেত্রে অনিয়ম ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তা সংশোধনের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনটি প্রধান নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, ‘উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, জনবলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত এবং উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না।’
এ সময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, তেজগাঁও কারখানার পাশে আন্তর্জাতিক মান অনুযায়ী আধুনিক প্রযুক্তিনির্ভর বহুতল উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ কারখানায় সাপের বিষের প্রতিষেধকসহ বিভিন্ন টিকা উৎপাদনের জন্য পৃথক স্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে হাম-রুবেলা, জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধী টিকার শেষ ধাপের উৎপাদন চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, ‘বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ এবং খুলনা কারখানায় মোড়ক তৈরির পৃথক ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মানসম্মত ওষুধ সরবরাহ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।’
ইডিসিএল পরিদর্শনকালে ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক ড. মো. আকতার হোসেন ও পরিচালক (চলতি দায়িত্ব) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।