Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী, ‘কুইক রেসপন্স টিম’ গঠন

জবি করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ০৮:৫১

নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের (২০তম ব্যাচ) শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পাঁচ দিন ধরে নিখোঁজ। সিরাজুলকে দ্রুত খুঁজে বের করতে প্রচার জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে জরুরি মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নিখোঁজ শিক্ষার্থীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সবার সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

সভায় উপস্থিত জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা সিরাজুল ইসলামের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন। তারা তার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার আরও জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবে।

এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ দ্রুত গঠনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টরবৃন্দ, জকসু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর