Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবনকে ‘বিআইআইএন’র স্বীকৃতি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ২১:৪২

‎ঢাকা: ‎‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ (বিআইআইএন) আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২৬’ অনুষ্ঠানে দেশের শীর্ষ ৪৪টি তথ্যপ্রযুক্তি উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
‎
‎‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’ প্রতিপাদ্যে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বিজয়ী তরুণ উদ্ভাবকদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট ভাউচার তুলে দেয়া হয়।
‎
‎বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত অংশীদারত্বে এবং বিআইআইএন-এর সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশকে বিদেশি প্রযুক্তির ভোক্তানির্ভর অবস্থান থেকে বের করে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার ও ডেটা সেন্টারের মতো ক্ষেত্রে তরুণদের পাশে থাকবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার, শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সমন্বিত ‘ট্রিনিটি’ প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দেন। সম্মানিত অতিথির বক্তব্যে বিজ্ঞান সচিব মো. আনোয়ার হোসেন উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও মেধাস্বত্ব সুরক্ষায় ইকোসিস্টেম গড়ার আশাবাদ ব্যক্ত করেন। বিটিআরসি চেয়ারম্যান নিয়ন্ত্রণকে উদ্ভাবনের সহায়কে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।
‎
‎এ বছর প্রতিযোগিতাটিতে বিভিন্ন খাত থেকে জমা পড়া ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে ৪০ জন অভিজ্ঞ বিচারকের দুই দিনের মূল্যায়নে ৯টি চ্যাম্পিয়ন, ১০টি উইনার এবং ২৫টি মেরিট পুরস্কার দেওয়া হয়। সেরা উদ্ভাবনগুলো ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন ৯টি প্রকল্পের মধ্যে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সক্রিও টেকনোলজিসের ‘সক্রিও ডিএমএস’, টেটন প্রাইভেট লিমিটেডের ‘মাইইসিজিএআই’ ও গ্রামীণ হেলথটেকের ‘দ্য সুখী ওয়ে’; শিক্ষার্থী ক্যাটাগরিতে বুয়েটের ‘এজেন্টআইএএম’, ইউল্যাবের ‘ক্রনিক’, চুয়েটের ‘সিঙ্ক ভি-১: ব্রেইল এমবসার’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘আরবর’ ও সামিন ইয়াসারের উদ্ভাবিত ‘ব্রেইলব্রিজ’; এবং ব্যক্তিগত বা দলীয় ক্যাটাগরিতে ‘বিন্দো’ (Bindo) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
‎
‎‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী ও বিআইআইএন-এর নির্বাহী পরিচালক রুবাবা দ্দৌলা মতিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর