ঢাকা: বাংলাদেশে চারটি সফটওয়্যার পণ্য চালু করল আমেরিকা ও ইউরোপভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান খুলনা টেকনোলজিস লিমিটেড।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চারটি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
চারটি সফটওয়্যার পণ্য হচ্ছে- বিভিন্ন প্রকল্প, কাজ ও ওয়ার্কফ্লো এক ওয়ার্কস্পেসে নিয়ে আসা প্রযুক্তি ‘আওয়ারঅপেরো’, নির্ধারিত স্বাক্ষরক্রম ও অডিট ট্রেইলসহ ডিজিটালভাবে নথি পাঠানো ও স্বাক্ষর করার সফটওয়্যার ‘সাইনিংআস’, উপস্থিতি ট্র্যাকিং, ছুটি ব্যবস্থাপনা, অনুমোদন, মূল্যায়ন ও এইচআর বিশ্লেষণের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় সহায়তাকারি সফটওয়্যার ‘এইচআর কয়োওরা’ এবং কেস ও ক্লায়েন্টের তথ্য ব্যবস্থাপনায় সহায়তাকারি সফটওয়্যার ‘কেসপার্ক’।
২০২৪ সালের মে মাসে প্রতিষ্ঠিত খুলনাটেক ব্যবসার জন্য প্রযুক্তি সেবা ও সফটওয়্যার পণ্য সরবরাহ করে। এর সেবার মধ্যে রয়েছে সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ডেভলপস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ই-কমার্স ডেভেলপমেন্ট। এছাড়া তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), আনসার ইঞ্জিন অপটিমাইজেশন(এইও),জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন (জিইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং এবং অফশোর নিয়োগ সেবা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুমন ইকবাল বলেন, খুলনাটেক প্রতিষ্ঠিত হয়েছে বাস্তবসম্মত প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক সমস্যার সমাধান করার লক্ষ্যে। ২০২৪ সালের মে মাসে যাত্রা শুরুর পর আমরা ২২ জনের একটি দলে পরিণত হয়েছি, যারা ২৩০টিরও বেশি ক্লায়েন্টকে সেবা দিচ্ছে। ক্লায়েন্টদের চাহিদা থেকেই আমরা এই চারটি পণ্য তৈরি করেছি। এই সফটওয়্যার বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে আরও বেশি ব্যবসাকে সেবা দেওয়ার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাানটির অন্যতম গ্রাহক আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠিত ল ফার্ম ‘রাজু ল’ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ্যটর্নী রাজু মহাজন বলেন, খুলনাটেক রাজু ল-এর প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিদিনের কাজে আমরা যে সফটওয়্যার ও আইটি সহায়তার ওপর নির্ভর করি, তা তারাই দিচ্ছে। আমাদের প্রয়োজন বোঝা এবং বাস্তবসম্মত সমাধান তৈরির সক্ষমতা তাদের একটি মূল্যবান প্রযুক্তি অংশীদারে পরিণত করেছে। বাংলাদেশের ব্যবসাগুলোর কাজ পরিচালনার জন্য নির্ভরযোগ্য টুল দরকার। আমি বিশ্বাস করি এই নতুন পণ্যগুলো তাতে সাহায্য করবে।