ঢাকা: দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করেছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। প্রতিষ্ঠানটির এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ডের মাধ্যমে এ বিনিয়োগ করা হয়। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি সই হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে পিকাবুর ব্রিজ রাউন্ডে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল লিমিটেড।
চুক্তি সই অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। এছাড়া, পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।
এসময় এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য এবং এ খাতের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্স অ্যাঞ্জেলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে আশাবাদী।
২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ এ রাউন্ডে অংশ নিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। ওই রাউন্ডের নেতৃত্বে ছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের এমন সম্মিলিত অংশগ্রহণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্কেল-আপের পথ সুগম করবে এবং ইকোসিস্টেমের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। আমরা আশা করি, আরও স্থানীয় বিনিয়োগকারী সম্ভাবনাময় দেশীয় উদ্যোগের পাশে দাঁড়াবেন, যা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।
উভয় প্রতিষ্ঠান বিশ্বাস করে, এই অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ, নতুন সম্ভাবনার বিকাশ এবং দীর্ঘমেয়াদি সাফল্যের পথ আরও সুগম করবে।