ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
একটি ক্ষেপণাস্ত্র খামেনির কার্যালয়ের কাছাকাছি পড়েছে বলে জানা যায়। এর পরপরই কিছু ইসরায়েলি সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
এ প্রেক্ষাপটে শিগগিরই জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল আলম জানিয়েছে, ভাষণটি অল্প সময়ের মধ্যেই সম্প্রচার হতে পারে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।’
তবে তিনি স্বীকার করেছেন, হামলায় ইরানের দুইজন কমান্ডার নিহত হয়েছেন। উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।