Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে ইসরায়েলের পালটা আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ০৮:৩৯

বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পালটা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সোমবার (২ মার্চ) রয়টার্সের খবরে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবাননজুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছিল গোষ্ঠীটি।

বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পালটা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এর আগে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর