Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ০৮:৫৩

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রিয়াদের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল।

হামলায় দূতাবাসের ভবনে সামান্য আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোগত ক্ষতিও অত্যন্ত সীমিত বলে দাবি করা হয়েছে।

হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থানরত তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রিয়াদের কূটনৈতিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, শক্তিশালী বিস্ফোরণের পরপরই ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়েছিল।

রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টারে বসবাসরত এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোরে হঠাৎ দুটি বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে তিনি দূতাবাস এলাকার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন।

আল-জাজিরার বরাতে জানা গেছে, হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর